আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্রের গুরুত্ব এবং তা টিকিয়ে রাখতে মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্ব আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “গণতন্ত্র রক্ষার মূল্য কখনও মানুষের জীবন কিংবা কল্যাণের চেয়ে বেশি হতে পারে না।”
তারেক রহমান আরও বলেন, “গণতন্ত্রের প্রকৃত শক্তি জনগণের অংশগ্রহণে নিহিত। জনগণের পছন্দ, কণ্ঠস্বর এবং নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কখনোই প্রাণবন্ত হতে পারে না।”
তিনি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রেক্ষাপটে স্মরণ করেন বাংলাদেশসহ বিশ্বের সব গণতন্ত্রকামী মানুষের ত্যাগ, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জীবন দিয়েছেন বা নিপীড়নের শিকার হয়েছেন।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘কণ্ঠ থেকে কর্মে’ উল্লেখ করে তিনি বলেন, “এটি আমাদের জন্য একটি বাস্তবমুখী আহ্বান। শুধু মুখে নয়, কার্যকর পদক্ষেপেই গণতন্ত্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব।”
তিনি দাবি করেন, বিএনপি’র রাজনীতি সবসময়ই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছে। “আমরা গর্ব করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা সংসদীয় রূপে কার্যকর করেছিলেন,” বলেন তারেক রহমান।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বাংলাদেশ এখন এক সংকটজনক সন্ধিক্ষণে রয়েছে। বিভাজন, অপপ্রচার ও উগ্রবাদ গণতন্ত্র এবং আইনের শাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।”
তিনি জোর দিয়ে বলেন, একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার কেবল জনগণের ভোটেই প্রতিষ্ঠিত হতে পারে। “২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই এই দাবিকে বাস্তবে পরিণত করতে হবে,” — বলেন তিনি।
তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “আর সময় নেই। আসুন, একসঙ্গে এগিয়ে যাই—একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে।

